ফুটপাতে ফের দোকানপাট নিয়ে বসলে কঠোর আইনি ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

ফুটপাতে ফের দোকানপাট নিয়ে বসলে কঠোর আইনি ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

আইন অমান্য করে ফুটপাতে আবারও কোনো দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্তকরণ পরবর্তী সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে এমনটা জানান তিনি।

তিনি বলেন, সব জায়গায় হকার বসা যাবে না, সরকার নির্ধারিত জায়গায় বসলে আপত্তি নেই। শুক্র ও শনিবার ছাড়াও অনুমোদন দেয়া কিছু ফুটপাত ছাড়া অন্য জায়গায় হকার বসতে দেয়া হবে না।

সরকার ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, উচ্ছেদের পর আবারও সড়ক দখলের পাঁয়তারা করলে মালামাল ক্রোক করা হবে। পাশাপাশি সিটি করপোরেশন পক্ষ থেকে মামলা হবে। সুন্দর, আধুনিক নগর গড়ে তুলতে প্রয়োজনীয় সব কাজ করবে সিটি করপোরেশন। এ বিষয়ে নানাবিধ উদ্যোগের পরিকল্পনাও রয়েছে।