রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

রাজধানীতে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার পর থেকে শত শত অটোরিকশা চালক জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন। একপর্যায়ে দুপুরের দিকে প্রেসক্লাবের সামনের সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনরত চালকদের ভাষ্য, অটোরিকশা চার্জ দেয়ার স্থানগুলোয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ বেশকিছু দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন অটোরিকশা চালকরা।

এর আগে সোমবার সকাল থেকেই রিকশা গ্যারেজে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে রাজধানীর একাধিক সড়কে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। এতে গুরুত্বপূর্ণ বেশকিছু এলাকায় অসহনীয় যানজটের সৃষ্টি হয়। সেই সঙ্গে অটোরিকশা না থাকায় অফিসগামী মানুষ ছাড়াও শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

অন্যদিকে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় সিএনজিচালিত অটোরিকশা ছাড়াও প্যাডেলচালিত রিকশা এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকেরা ইচ্ছামতো ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।