২০২৬ সালের নোবেলজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে চিকিৎসাবিজ্ঞান দিয়ে। চিকিৎসাবিদ্যায় অনবদ্য অবদান রাখায় চলতি বছর যৌথভাবে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্র ও জার্মানির তিন চিকিৎসাবিজ্ঞানী। সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় চলতি বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
সংবাদমাধ্যম ডয়চে ভেলে বলছে, ২০২৬ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল। আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিকস নিয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য এই তিন বিজ্ঞানীকে এ পুরস্কার দেয়া হয়েছে।
এবারের চিকিৎসাবিজ্ঞানের পুরস্কারের মধ্য দিয়ে চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হলো। আগামী শুক্রবারের মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেলজয়ীদের নামও ঘোষণা করা হবে।
এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের মেরি ব্রুনকো ও ফ্রেড র্যামসডেল এবং জাপানের শিমুন সাকাগুচিকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ বা শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা কীভাবে নিজস্ব কোষ ও বাইরের ক্ষতিকর উপাদানের মধ্যে পার্থক্য করে—এ বিষয়ে তাদের আবিষ্কারের জন্য এই পুরস্কার দেয়া হয়েছিল।
এর আগে ২০২৪ সালে চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার দেয়া হয় যুক্তরাষ্ট্রের দুই চিকিৎসাবিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুনকে। মাইক্রো আরএনএ আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশন জিন নিয়ন্ত্রণে অবদান রাখায় তাদের ওই পুরস্কার দেয়া হয়েছিল।
আগামী ১০ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে আয়োজিত অনুষ্ঠানে নোবেল পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। প্রতিটি পুরস্কারের সঙ্গে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা অর্থমূল্যের পুরস্কার দেয়া হয়, যা ১০ লাখ ইউরোর কিছু বেশি বা ১২ লাখ মার্কিন ডলারের সমান।