ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ দৌলতপুর এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়াও আরও একজন আহত হয়েছেন।
ফালিলপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনাস্থলে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। পরবর্তীতে সেটি সরানোর জন্য একটি লং ভেহিকেলের সহায়তা নেয়া হচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বাস দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং বাসের চালক গুরুতর আহত হন।
খবর পেয়ে ফালিলপুর হাইওয়ে থানার মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাভার্ডভ্যানের চালক, হেলপার ও বাসের চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফালিলপুর হাইওয়ে থানার এসআই আবু নোমান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ দৌলতপুর এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়ার ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।