আরিফ খান, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশায় অসুস্থ ও অসহায় দুই ব্যক্তিকে চিকিৎসা ও জীবনযাপনের জন্য ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছে পাইকুরাটি-সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতি। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাদশাগঞ্জে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে ২৫ হাজার টাকা করে তুলে দেওয়া হয়।
সহায়তা পাওয়া ব্যক্তিরা হলেন পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের সুয়েব চৌধুরী (৩০) এবং সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের মেহেরুননেছা (৩২)।
আয়োজকদের ভাষ্য, সুয়েব দীর্ঘদিন ধরে লিভারের অসুস্থতায় ভুগছেন। অন্যদিকে মেহেরুননেছা পক্ষাঘাতজনিত সমস্যায় ভুগছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ রেহান উদ্দিন। সাংবাদিক শাকিন শাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাইকুরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ, সেলবরষ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল এবং সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা।
মোহাম্মদ রেহান উদ্দিন বলেন, ‘এটি একটি অরাজনৈতিক সংগঠন। আমরা প্রবাসে থাকলেও এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। আজ দুজন অসহায় মানুষকে ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।’
সংগঠনের নেতারা বলেন, এলাকার অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রবাসীদের সমন্বয়ে ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।