ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাজিরশিমলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রা ও একটি সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি ও মাহিন্দ্রার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। একপর্যায়ে বাসটি মহাসড়কের পাশে থাকা প্যাসিফিক আইডিয়াল হাইস্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ছয়জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতরা সবাই মাহিন্দ্রা ও সিএনজির যাত্রী বলে জানা গেছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।