পৃথিবীর এক কোণে বসে থাকেন আম্মা-
যেখানে সকালের রোদে ধোঁয়া ওঠে ভাতের হাঁড়িতে।
পানের রসে মুখ লাল হয়ে ওঠে,
যেন সূর্য ডুবতে গিয়ে শেষ আলোটা রেখে গেছে তাঁর ঠোঁটে।
ডায়েবিটিসে ভোগা আম্মা,
লুকিয়ে চিনি দেন চায়ে,
হাসতে হাসতে বলেন-
"আচ্ছা, এটাই যদি হয় আমার শেষ মিষ্টি?"
ভিতরটা কেঁপে ওঠে,
যেন পাকা ধানক্ষেতে লেগে যায় ঝড়ের আভাস ।
আম্মারা চলে যান না,
তাঁরা ধীরে ধীরে ক্ষীণ হয়ে যান-
চোখে আলো কমে, কণ্ঠে জড়তা আসে,
তবু সকালে হাঁড়ি চড়ান।
আম্মারা থাকেন-
রোগে, কষ্টে, একঘেয়েমিতে,
থাকেন শুধু, যেন সন্তান ঘুমাতে পারে নিশ্চিন্তে।