গোলাম ইউসুফ

অকারণ নদী

অকারণ নদী

মুগ্ধ হীরের মতো এ রাতের চোখ
ঝকমক করে, তবু
গন্ধহীন যেন মানুষের বাগান, অন্ধ ফুল,
নুয়ে যায় আলোর দিকে, যে সারাদিন ভুল শুধু
তার সাথে চলে যেতে চায় মরণের মতো।

এ পথে শুধু ডুবে যাওয়া দেখি,
অকারণ নদীর পথ,
জানি না কার বেশি তাড়া?

পথের হয় না শেষ, শুধু অকারণ ডুবে যাওয়া নদীহীন!

দেখি আচমকা তুমি,
এসে যায় স্পষ্ট, জ্বলজ্বল,
হীরক, খুনের দ্যুতি!
তুমি তার চেয়ে নিষ্ঠুর!

জানি না
পথ কী কারণে অকারণ নদী হয়?
কখনো তুমুল ঢেউ হয় তার শুধু ভেতর ভেতর,
কথা শুনে লাভ নেই,
মালার মতো মিথ্যুক কিছু কথা
কখনো সরে যায়,
যেন আমাদের আফসোস!