রাকিবুজ্জামান লিয়াদ

অস্তিত্বের বিদায়

অস্তিত্বের বিদায়

কিছু কিছু রাত আছে,
যেখানে আলো জ্বালালেও অন্ধকার সরে না।
ঘরের দেয়ালগুলো ধীরে ধীরে কাছে আসে,
মনে হয় নিঃশ্বাসের হিসাব রাখছে তারা।

শব্দেরা আমার শত্রু তখন;
ঘড়ির কাঁটা, সিলিংয়ের নিচে টিকটিকি,
দূরে কুকুরের ডাক,
কারও নাম ধরে ডাকা,
সবকিছু বুকের ভেতর কাঁটার মতো বিঁধে।

যাপিত জীবনের সব সম্পর্ক ভারী লাগে
ভালোবাসা ক্লান্ত হয়ে যায়,
নিজের নামও অপরিচিত শোনায়।

এই পৃথিবী তখনও খুব শব্দ করে বাঁচে।
আমি তখন নীরবতায় শান্তি খুজি।

আমি চাই-
পৃথিবী একটু দূরে সরে যাক,
নাম ধরে কেউ না ডাকুক,
আমার অস্তিত্বটা কিছু সময়ের জন্য ছুটিতে যাক।

আমি শুধু এই ভাষাহীন শহরকে দিতে চাই
বুকের ভেতর জমে থাকা এক দীর্ঘ নিঃশ্বাস,
যা বেরোবার পথ খুঁজে পায় না বহুকাল ধরে।