ইসরাত জাহান আশা

নিঃশব্দ বোঝাপড়া

নিঃশব্দ বোঝাপড়া

আমাকে কেউ দেখে না পূর্ণ চোখে,
চোখ রাখে— তবু পড়ে না আমার মানচিত্র।
আমি যেন অস্পষ্ট এক ছায়া,
অথচ চেয়েছিলাম রোদ্দুরের মতো কিছু স্পষ্ট!

কেউ কেউ শুধু বলেছিল: "ভালো আছো তো?"
আর আমি মুখের হাসিতে
লুকিয়ে ফেলেছিলাম উৎকন্ঠা ভরা
আমার সব ভাঙাচোরা রাত্রি-চিত্র।

তুমি এলে, যেন অন্যরকম....।
তোমার চোখে প্রথমবার
নিজেকে বিশেষ মনে হলো—
ভালোবাসার উপযুক্ত,
গভীর, গাঢ়, স্পষ্টরূপে
যা কিছু আমার সত্য।

একদিন তুমি বলে উঠলে-
''তুমি তো একেকটা যন্ত্রণার কবিতা,
যার প্রতিটি পঙ্‌ক্তিতে আছে আলো লুকানো…!''
সে মুহূর্তে ভীষণ অবাক হলাম,
মনে হলো—
হয়তো শেষমেশ সত্যিই কেউ পড়ে ফেলেছে
আমার ভেতরে আছে যত অদৃশ্য চিঠি লুকানো!!!