সরকারের সব কাজের বিরোধিতা করবে না বিরোধীদল: জামায়াত সেক্রেটারি

সরকারের সব কাজের বিরোধিতা করবে না বিরোধীদল: জামায়াত সেক্রেটারি

বিগত সময়ের মতো সরকারের সব কাজের বিরোধিতা করবে না বিরোধী দল। তবে সরকার কোনো ভুল করলে তা ধরিয়ে দেয়া হবে এবং সংশোধন না হলে প্রয়োজনে প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, বিগত সময়ের মতো সরকারের সব কাজের বিরোধিতা করবে না বিরোধী দল। সরকার ভুল করলে তা ধরিয়ে দেয়া হবে। সেই ভুল সংশোধন না হলে প্রয়োজনে প্রতিরোধ করা হবে।

তিনি বলেন, আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য বাটেক্সপ্রো মেলায় বিরোধীদলীয় নেতাকে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি না করার বিষয়টি রাজনৈতিক এবং সংকীর্ণ দলীয়করণের প্রতিচ্ছবি। এ ধরনের ঘটনায় মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে। এর ফলে অর্থনীতিতে প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে। তবে ঐতিহ্য ভেঙে গেলে ব্যবসায়ীদের মধ্যে ভুল বার্তা যাবে।

বৈঠকে দেশের টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার। তিনি বলেন, বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ ও ট্যাক্সসংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

টেক্সটাইল শিল্পের এসব সমস্যা নিয়ে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা বিরোধীদলের নেতাদের সঙ্গে আলোচনা করেন। বৈঠক শেষে সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার আলোচনার বিষয়গুলো তুলে ধরেন।