রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার জরুরি: তথ্য উপদেষ্টা

রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার জরুরি: তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশন বা সমঝোতার আগে দলটির অপরাধের স্বীকৃতি ও অনুতাপ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, দুর্ভাগ্যজনকভাবে এখনো একটি শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। সক্রিয়ভাবে আওয়ামী লীগ করা ব্যক্তিদের সঙ্গে রিকনসিলিয়েশন খারাপ কোনো ধারণা নয়। তবে এর জন্য একটি ভিত্তি প্রয়োজন।

তিনি বলেন, রিকনসিলিয়েশনের বেসিক হচ্ছে—যে গ্রুপ, গোষ্ঠী বা রাজনৈতিক দল অপরাধ করেছে, তাদের সেই অপরাধের স্বীকৃতি ও অনুতাপ থাকতে হবে। অপরাধ স্বীকার ও অনুতাপের পরও রিকনসিলিয়েশনের প্রশ্ন আসতে পারে। তবে অপরাধের স্বীকৃতি দিলেই ফৌজদারি অপরাধ তামাদি হয়ে যায় না, এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হয়।

তিনি আরও বলেন, ৫ তারিখের পর থেকে এখন পর্যন্ত সেই দল এবং ওই দলের নেত্রী ক্রমাগত হুমকি দিচ্ছেন। এই প্রেক্ষাপটে রিকনসিলিয়েশনের আলাপ আমাদের দিক থেকে এন্টারটেইন করা কঠিন। তারা রিকনসিলিয়েশন চাইছে না।

মাঝখান থেকে কেউ রিকনসিলিয়েশনের উদ্যোগ নিয়ে থাকলে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়ে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে রিকনসিলিয়েশন শুরু হওয়ার মতো মৌলিক জায়গাটি নিশ্চিত করতে হবে। সেটুকু হলে এ নিয়ে আলোচনা হতে পারে।

সাম্প্রতিক সময়ে মিরপুরের ঘটনার পর সরকারের প্রতিক্রিয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এতে স্পষ্ট হয়েছে, সরকার এ ধরনের ঘটনা কোনোভাবেই সহ্য করবে না।

তিনি বলেন, জনগণ ক্রমাগত ভোগান্তির শিকার হতে থাকলে, সেটি যদি সরকারি দলের নামে হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সঠিক ব্যবস্থা না নেয়, তাহলে এর মাশুল সরকারকে দিতে হবে। সরকার এ বিষয়ে সচেতন রয়েছে।

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়ে ডা. জাহেদ বলেন, কোথাও জ্বালানি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। খুচরা বাজারে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে নজরদারি বৃদ্ধি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সব জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। সেপ্টেম্বর মাসে ৯৮৪টি অভিযান করেছে ভোক্তা অধিদপ্তর। আশা করি, এলপিজি সংকট কমে যাবে।

তিনি বলেন, রেল যোগাযোগকে গুরুত্ব দিচ্ছে সরকার। এডিবির অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

ভিজিএফ কার্ডের আওতা সম্প্রসারণ হচ্ছে এবং ২০ কেজি করে চাল দেয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, দরিদ্র এবং ভালনারেবল মানুষের জীবনযাপন কঠিন হয়ে যাচ্ছে। তাদের কিছুটা হলেও ভালো রাখার জন্য কার্ডের আওতা সম্প্রসারণ ও সহায়তার পরিমাণ বাড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে রাষ্ট্র ও জনগণের কথা ভেবেই। কোনো কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর বিরুদ্ধে সেটি যেতেও পারে। সরকার ফাইনালি সিদ্ধান্ত নিতে গেলে সব স্টেকহোল্ডারদের আলোচনার মাধ্যমে আশ্বস্ত করেই নেবে। জনগণের কথা চিন্তা করে সরকারকে যেকোনো সিদ্ধান্ত নিতে চাইবে।

ডা. জাহেদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে ছাত্রদল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে, এর বাইরে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে সরকার খুবই আগ্রহী। এখন অর্থায়ন বাংলাদেশ, চীন না অন্য কোন দেশের হবে সেটি ভিন্ন আলোচনা।

ব্যাটারিচালিত অটোরিকশার কিছু সুবিধা আছে জানিয়ে তিনি আরও বলেন, এটি একবারে নিয়ন্ত্রণহীনভাবেও চলতে পারে না। সরকার নীতিমালা করছে।