পে-স্কেলে এমপিওভুক্তদের অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না: শিক্ষা সচিব

পে-স্কেলে এমপিওভুক্তদের অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না: শিক্ষা সচিব

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না।

বুধবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত এক প্রশিক্ষনের সমাপনী আয়োজনে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েম মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।

সচিব বলেন, এমপিওভুক্ত শিক্ষকসহ অন্যান্য শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য আলাদা প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না। যে প্রজ্ঞাপন হয়েছে, তার মাধ্যমেই বেতন-ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীরা। সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত গেজেটই এমপিওভুক্ত জনবলের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার জটিলতা সমাধানে সরকার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। বলেন, আগে বছরের পর বছর শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতার অর্থ পেতে ঘুরতে হতো। আমরা দায়িত্ব গ্রহণের পর সেই জটিলতা সমাধানের উদ্যোগ নিয়েছি। এখন শিক্ষক-কর্মচারীরা অর্থ পেতে শুরু করেছেন।

বর্তমান সরকার ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। বলেন, সরকার ৫ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে। আমরা শিক্ষার মান ফিরিয়ে আনার জন্য আন্তরিকভাবে কাজ করছি।

সবার ন্যায়সংগত দাবি পূরণ করা হবে বলেও মন্তব্য করে আবদুল খালেক বলেন, সবার ন্যায়সংগত দাবি পূরণ করা হবে। সবার অভাব-অভিযোগ পূরণের জন্য সরকার কাজ শুরু করেছে। আমরা চাইব, শিক্ষকেরা শিক্ষকের মতো আচরণ করবেন। কারণ শিক্ষকেরা জাতির বিবেক। তাঁদের মাধ্যমে আগামীর প্রজন্ম গড়ে উঠবে।

জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের অচিরেই স্থায়ী করার পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের বদলির ব্যবস্থাও করা হবে।