প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাক্ষাৎ, প্রকল্পে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। মঙ্গলবার সকালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা বৃদ্ধি, জ্বালানি সংকট প্রভৃতি বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই বৈঠকটি বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের সাথে যে পার্টনারশীপ এবং যে রিলেশনশীপ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ আগামী দিনের যেসব প্রজেক্ট নিতে যাচ্ছে সেই প্রজেক্টগুলোতে বাংলাদেশ বিশ্বব্যাংকের পার্টনারশীপ ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা কী কী করতে পারি সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার মধ্যে উঠে এসেছে যে, মাননীয় প্রধানমন্ত্রী যেসব কর্মসূচি নিয়েছেন যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদি যেসব সামাজিক কর্মসূচি নেয়া হয়েছে সেগুলো বিশ্বব্যাংকের কাছে অভিনন্দিত হয়েছে এবং এগুলোতে বিশ্বব্যাংকের সমর্থন থাকবে। বিশেষ করে ইয়াং এন্টারপ্রেনারশীপ যেসব প্রোগ্রামগুলো আছে সেখানে আমরা যে প্রোগ্রামগুলো রোলআউট করেছি ৫০% গ্র্যান্ট, ৫০% কনসেশান লোনে আগামী দিনে এই প্রোগ্রামটা কীভাবে বিশ্বব্যাংকের সাথে মিলে বড় আকারে করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে। ইয়াং ইন্টাপ্রেনারশীপ ডেভেলপমেন্ট ও তরুনদের কর্মসংস্থানের ব্যাপারে আমরা এক সাথে কাজ করব।
অভ্যন্তরীন যে সমস্যা বাংলাদেশে তেল-গ্যাস সংকট উত্তরণের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে অর্থ মন্ত্রী বলেন, এখানে বিশ্বব্যাংকের রোল কি থাকবে তা নিয়ে আলোচনা হয়েছে। এখানে বিশ্বব্যাংক এগিয়ে আসতে রাজি আছে। আমরা যেসব প্রকল্প গ্রহন করেছি সেটা ঠিক রাখতে হবে। এটা যাতে সাপ্লাই চেইনের কারণে ব্যাহত না হয় সেখানে বিশ্বব্যাংক কাজ করবে তা নিয়ে আলোচনা হয়েছে। আমি জানাতে চাই সেখানে আমরা একসাথে কাজ করতে সম্মত হয়েছি, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
টেকসই যেসব প্রকল্প আছে সেগুলো বিশ্বব্যাংক কিভাবে দেখছে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘খুবই মনোযোগ সহকারে দেখছি বিশ্বব্যাংক। আমি তো বললাম বিশেষ করে ইয়াং এন্টারপ্রেনরশীপ ডেভলপমেন্ট এর মাধ্যমে এ্যামপ্লয়েন্ট বিষয়ক যে প্রকল্পগুলো রোলআউট করা হয়েছে এটাকে আরও বড় আকারে নেয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি।
এই সাক্ষাতের সময়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রমূখ উপস্থিত ছিলেন।