সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ভাইরালের পর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করবে।
ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত কমিটি গঠিত হয়েছে। রাকিবকে কিছু বিষয় জিজ্ঞাসাবাদ করতে নিয়ে আসা হয়েছে।
তবে এ বিষয়ে ডিবি প্রধান চ্যানেল 24-কে জানান, এখনও কোনো তথ্য তার কাছে নেই।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানের একটি অডিও ভাইরাল হয়েছে। ওই অডিও নিয়ে নিজের ফেসবুক পোস্টে ওসি রাকিবুল দাবি করেছেন, ভাইরাল অডিওটি এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়।
গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার পর ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার।
অডিওতে রাকিবুল ইসলামকে বলতে শোনা যায়, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে ‘কিছু হবে না’।
এর আগে গতকাল ১৬ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করায় গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে বদলি করা হয়।