ইতালিতে বাঁধনের ওপর নিষিদ্ধ আ'লীগের কর্মীদের হামলা

ইতালিতে বাঁধনের ওপর নিষিদ্ধ আ'লীগের কর্মীদের হামলা

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বর্তমানে ভেনিসে থাকা এই অভিনেত্রী তার ভাই ও পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে ঘুরতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তার দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারে। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তার হাত থেকে মোবাইল ফোন ফেলে দেওয়া হয় এবং কানের কাছে আঘাত করা হয়।

পরে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেন বাঁধন।

বাঁধন জানান, ২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকার কারণেই তাকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। ওই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ করেছিলেন তিনি। পাশাপাশি দেশি-বিদেশি গণমাধ্যমে আন্দোলনের পক্ষে কথা বলেছিলেন।

বাঁধন আরও জানান, হামলাকারীদের কয়েকজন নিজেদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য এবং নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য হিসেবে পরিচয় দেন। কেউ কেউ নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ বলেও পরিচয় দেন বলে দাবি করেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা করে। একইসঙ্গে তারা পুরো ঘটনার ভিডিও ধারণ, সরাসরি সম্প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে।

এ ঘটনার পর বাঁধন তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বিষয়টি জানান। পরে হামলা ও হয়রানির কয়েকটি ভিডিও প্রকাশ করেন।

এক ভিডিওতে বাঁধনকে বলতে শোনা যায়, তার ওপর হাত তোলা হয়েছে এবং কানের পাশেও আঘাত করা হয়েছে। তার হাত থেকে ফোন ফেলে দেওয়া হয়েছে।

হামলার সময় বাঁধনের ভাইয়ের শিশুসন্তান তাদের সঙ্গে ছিল। প্রকাশিত একটি ভিডিওতে শিশুটির কথা উল্লেখ করে হামলাকারীদের থামানোর চেষ্টা করতে শোনা যায়। জবাবে একজনকে বলতে শোনা যায়, ‘কিসের আবার বাচ্চা, ওকে জয় বাংলা বলতে হবে।’

ভিডিওতে কয়েকজনকে বাঁধনকে ‘জুলাইয়ের জঙ্গি’ বলেও মন্তব্য করতে শোনা যায়। এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘তারা বলেছে, আমি জুলাই যোদ্ধা। ইয়েস, আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’

ঘটনার সময় বাঁধনের ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে জানান অভিনেত্রী। বাঁধন বলেন, ‘আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে।’

নিন্দা জানিয়ে বাঁধন বলেন, ‘একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’

হামলাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে বেরিয়ে আসা উচিত ছিল, আপনারা তা করতে পারেননি। আপনারা ভেবেছেন, এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।’

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গেছেন বাঁধন। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। বর্তমানে তিনি ইতালির মেস্ত্রেতে অবস্থান করছেন।