২০১৫ সালে বিএনপি নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সালাহউদ্দিন আহমদ তার গুমের ঘটনায় অভিযোগ জমা দেন। অভিযোগে জিয়াউল আহসানের পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও এ কে এম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।
অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি সালাহউদ্দিন আহমদকে তুলে নিয়ে যান। সে সময় তিনি বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। পরে দীর্ঘদিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট দেশে ফেরেন সালাহউদ্দিন আহমদ।
এদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১০ মন্ত্রী-এমপিকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের মধ্যে সাবেক মন্ত্রী দীপু মনি ও আমির হোসেন আমুসহ অন্যরা রয়েছেন। আজ তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
এ ছাড়া ২০১৩ সালে হাফেজ জাকিরকে গুমের অভিযোগে র্যাব-১-এর সাবেক অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেনকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তার বিরুদ্ধে আনা গুমের অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালে কার্যক্রম চলছে।