হরমুজে জাহাজ চলাচল তলানিতে, এক দিনে পার হলো মাত্র ৪টি

হরমুজে জাহাজ চলাচল তলানিতে, এক দিনে পার হলো মাত্র ৪টি
 
বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত তলানিতে নেমেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে মাত্র চারটি পণ্যবাহী জাহাজ পার হতে পেরেছে। আর এর আগের দিনও জাহাজ চলাচলের সংখ্যা ছিল স্বাভাবিক সময়ের তুলনায় কম। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে উত্তেজনা ও সংঘাতের মধ্যে বেড়েছে তেলের দামও।
 
 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার প্রণালি পার হওয়া জাহাজগুলোর মধ্যে দুটি ছিল মিডিয়াম-রেঞ্জ ট্যাংকার, একটি কামসারম্যাক্স ট্যাংকার এবং একটি হ্যান্ডিসাইজ জাহাজ।

তবে প্রণালি পার হওয়া জাহাজের মোট সংখ্যা পরিবর্তিত হতে পারে। কারণ, সমুদ্রপথে চলার সময় কিছু জাহাজ তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে রাখে।

এদিকে শুক্রবার তেলের দাম বেড়েছে এবং সপ্তাহের সবচেয়ে বড় মূল্যবৃদ্ধির পথে রয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১৫ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৬ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৫৬ ডলারে লেনদেন হচ্ছিল।

 

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত বাড়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা বেড়েছে। এর প্রভাবেই তেলের দাম বাড়ছে।

এছাড়া গত এক সপ্তাহে ব্রেন্টের দাম বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ। আর ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ৯ দশমিক ৮ শতাংশ। এর ফলে ২০ জুলাই শেষ হওয়া সপ্তাহের পর এবারই তেলের দাম এক সপ্তাহে সবচেয়ে বেশি বাড়তে যাচ্ছে।