ইতালির রাজধানী রোমে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে দেশজুড়ে ব্যাপক অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রেলস্টেশন, বিমানবন্দর, সীমান্ত ও বিভিন্ন সড়কে তল্লাশি জোরদার করা হয়েছে।
পুলিশ, কারাবিনিয়েরি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দেশজুড়ে চেকপয়েন্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। একই সঙ্গে অভিযুক্তের সম্ভাব্য অবস্থান শনাক্তে প্রযুক্তির সহায়তায়ও চলছে তদন্ত।
তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তকে ধরতে রোমসহ পুরো ইতালিতে সমন্বিত অনুসন্ধান ব্যবস্থা চালু করা হয়েছে। বিভিন্ন সড়কে পুলিশ চেকপয়েন্ট বসিয়ে সন্দেহভাজনের ছবি দেখিয়ে যাচাই করা হচ্ছে।
রেলস্টেশন, আন্তঃনগর বাসস্টপ, বিমানবন্দরসহ সম্ভাব্য সব যাতায়াতকেন্দ্রে কড়া নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকাতেও তল্লাশি বাড়ানো হয়েছে, যাতে অভিযুক্ত দেশ ছেড়ে পালাতে না পারে।
তদন্তকারীরা অভিযুক্তের যোগাযোগ নেটওয়ার্ক ও পূর্বের অবস্থানও বিশ্লেষণ করছেন। রোমের শহরতলির পরিত্যক্ত বাড়ি, নির্জন এলাকা এবং সম্ভাব্য আত্মগোপনের স্থানগুলোতেও অভিযান চালানো হচ্ছে।
এদিকে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে অভিযুক্তের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছে। জানা গেছে, শুক্রবার ও শনিবার রাতে শেষবার ফোনটির সিগন্যাল পাওয়া যায় কাসালোত্তি এলাকার কাছাকাছি। মূলত এখানেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল।
পুলিশ এখনও কোনও সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না। তদন্তকারীদের একাংশের ধারণা, অভিযুক্ত আত্মগোপনে থাকতে পারে। আবার কেউ কেউ সম্ভাব্য আত্মহত্যার বিষয়টিও বিবেচনায় রাখছেন।
ইতালির আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে।