গাজীপুর নয় ঢাকা থেকে পালিয়ে যান পিচ্চি রাজা, ২ পুলিশ গ্রেফতার

গাজীপুর নয় ঢাকা থেকে পালিয়ে যান পিচ্চি রাজা, ২ পুলিশ গ্রেফতার

প্রিজনভ্যান থেকে মাদক ব্যবসায়ী পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার ঘটনায় নতুন তথ্য পেয়েছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গাজীপুরের বাইমাইল থেকে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকায় পুলিশের হেফাজত থেকে বেরিয়ে যান ৩০ বছর বয়সী এই আসামি। ঘটনার সঙ্গে দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে ডিবি। এর ভিত্তিতে প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা এসআই প্রবীর কুমার ও চালক নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৭ সেপ্টেম্বর ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছিল ৩০ আসামিকে। তাদের মধ্যে ছিলেন পিচ্চি রাজা। রাতে আসামিদের বহনকারী প্রিজন ভ্যানটি কারাগারের দিকে যাওয়ার সময় তিনি বাথরুমে যাওয়ার কথা বলে গাড়ি থেকে নেমে পালিয়ে যান বলে প্রথমে পুলিশ জানায়। প্রাথমিক সেই বক্তব্যে বলা হয়েছিল, গাজীপুরের বাইমাইল এলাকায় প্রিজন ভ্যান থামানোর পর পিচ্চি রাজাকে নামানো হয়। সেখান থেকেই তিনি দৌড়ে পালান। তবে তদন্তে সেই তথ্যের সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি। ঘটনার পর প্রিজন ভ্যানে দায়িত্ব পালন করা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তকরা হয়। তাদের মধ্যে ছিলেন এসআই প্রবীর কুমার, কনস্টেবল জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন ও চালক নায়েক কামাল হোসেন। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে গাজীপুর মহানগর পুলিশের গঠিত পর্যবেক্ষণ কমিটি।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে পাঁচ পুলিশ সদস্যের বক্তব্যে একাধিক অসংগতি পাওয়া গেছে। পিচ্চি রাজা কোথায় এবং কীভাবে পুলিশের হেফাজত থেকে বেরিয়ে গেলেন, সে বিষয়ে তাদের বক্তব্যও পরস্পরের সঙ্গে মিলছে না। একেক সময় একেক তথ্য দেওয়ায় ঘটনার প্রকৃত স্থান নিয়েও তৈরি হয় বিভ্রান্তি। তবে তদন্তের একপর্যায়ে পুলিশ তাঁতীবাজার এলাকাকে পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার স্থান হিসেবে শনাক্ত করে। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যের ভূমিকা নিয়েও সন্দেহ আরও জোরালো হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সিটি এসবি) ও পর্যবেক্ষণ কমিটির প্রধান মোহাম্মদ মহিউল ইসলাম বলেন, পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা এখনো ঘটনার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। এমনকি আসামি পালানোর স্থান নিয়েও তাদের বক্তব্যে ভিন্নতা রয়েছে। তিনি বলেন, ঘটনার প্রকৃত স্থান ও আসামি কীভাবে পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেলেন, তা বের করতে তদন্ত চলছে। সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে পালিয়ে যাওয়ার পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও পিচ্চি রাজার সন্ধান মেলেনি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে অন্তত ২ ডজন মামলা রয়েছে।