ঢাকায় ট্রেনে আগুন

ঢাকায় ট্রেনে আগুন

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, মোহনগঞ্জগামী ট্রেন হাওর এক্সপ্রেস প্রতিদিন রাত ১০টা ১৫ মিনিটে কমলাপুর থেকে যাত্রা শুরু করে। যাত্রার জন্য অপেক্ষারত থাকাবস্থায় রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটির একটি বগিতে আগুন লাগে। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাটি নাশকতা নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে রোববার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর পল্লবী এলাকায় পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া একই দিন দুপুরে রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়ক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে পৃথক এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।