নারায়ণগঞ্জ ও বরিশালে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ১৮

নারায়ণগঞ্জ ও বরিশালে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত অন্তত ১৮

নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে আজ বুধবার এসব হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বরিশালে সংঘর্ষে আহত ১০

আজ সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সকালে ক্যাম্পাসে র‌্যালি বের করেন শিবিরের নেতা-কর্মীরা। র‌্যালিতে বহিরাগতরা অংশ নিয়েছে এমন অভিযোগে ছাত্রদল নেতা-কর্মীরা তাদের বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশিক আহমেদ অভিযোগ করেন, শিবিরের নেতা-কর্মীরা বহিরাগতসহ লাঠিসোটা ও পতাকা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে।

তিনি দাবি করেন, বহিরাগতদের ছাড়া কর্মসূচিটি আয়োজনের অনুরোধ করায় শিবিরকর্মীরা ছাত্রদলের কর্মীদের ওপর হামলা চালায়। এতে পাঁচ-ছয়জন আহত হন।

অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি জাকারিয়া ইসলাম বাবু বলেন, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। তখন ছাত্রদলের কর্মীরা তাদের ওপর হামলা চালায়।

তিনি দাবি করেন, শিবিরের পাঁচজন কর্মী আহত হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতেই এই হামলা চালানো হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত জেলা প্রশাসক বেলাল হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ক্যাম্পাসে পুলিশ পাঠানো হয়। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি।

সরকারি তোলারাম কলেজে সংঘর্ষে আহত ৮

এদিকে দিবসটি উপলক্ষে আজ দুপুরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- ছাত্রদলের তুহিন, সাব্বির, তোফায়েল, আকাশ, রহিম এবং ছাত্রশিবিরের এমদাদুল হক শুভ, তামিম ইসলাম এবং তরিকুল ইসলাম।

এদিকে, ছাত্রদল ও ছাত্রশিবির একে অপরের বিরুদ্ধে হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

শিবির কর্মীদের দাবি, তোলারাম কলেজে জুলাই অভ্যুত্থানের অনুষ্ঠান চলাকালে তাদের ওপর আকস্মিক হামলা চালায় ছাত্রদলের নেতা-কর্মীরা।

অন্যদিকে ছাত্রদল কর্মীদের দাবি, তোলারাম কলেজের অনুষ্ঠান শেষে বিনা উসকানিতে শিবির তাদের ওপর হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেছে।

সংঘর্ষের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, কলেজ ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।